মাতৃগর্ভে
লালিত সদ্য প্রাণ পাওয়া
ভ্রুনে তোমার
উপস্থিতির টের পেলাম,আজও হৃৎপিন্ডের সবগুলি পেশীর
ঝংকারে শুধু তুমি।
মা ডাকের আলতো তোতলামিতেও
তুমি ছিলে,
সে ডাক আজ অনেক স্পস্ট, তবু তার
প্রতিটা জালিকা বিন্যাসে তুমি আছো।
ছোট্ট শিশুর থপথপ পদচিহ্নে
যেমন তুমি কাঁপতে,
সবজান্তা মিছিলের পথ চলাতেও
তুমি তেমনি অবিকল।
দুর্বলতার হাতছানিতে যেভাবে তোমার
আঙ্গুল নড়ে উঠতো,
দৃঢ়তার অঙ্গুলিলেহনেও
তুমি সেরকম ভাবেই থাকো।
ভালোবাসার ঠোঁটে তুমি।
বিন্দু বিন্দু ধারায় তুমি,
রাত জাগা তারায় তুমি।
কলমের কালিতে তুমি,
মরুভূমির বালিতে তুমি।
রাত শেষে প্রেমিকার নিশ্বাসে তুমি,
জীবনের ঠুনকো বিশ্বাসে তুমি।
বসন্তের ঝরে পড়া পাতার আওয়াজে
তোমাকে শুনি,
ভেসে যাওয়া ভৈরবের কলকলানিতেও তোমাকে শুনি।
কাক ভোরে ভেসে আসা রাগচর্চায়
তোমায় খুঁজে পাই,
শ্বশানের ভস্মীভূত মশালের দাবদাহে
তোমায় খুঁজে পাই।
বাংলা ভাষার গুঞ্জনে তুমি,
পাখির কিচিরমিচিরে তুমি,
সাগরের ঢেউয়ে তুমি,
কাঁচ ভাঙ্গার নিস্তব্ধতায় তুমি,
সাহিত্য পরিক্রমায় তুমি,
জমে থাকা ব্যাথায় তুমি,
অব্যক্ত অনুভুতিতে তুমি,
সুখটানের ধোঁয়ায় তুমি।
রিক্সাওয়ালার ক্লান্ত গুনগুন
তোমার জানান দেয়,
শয্যাশয়ী প্রাণের শেষ কথার
চেষ্টাতেও তুমি।
তুমি শেষ না হওয়া কবিতায়,
তুমি অল্প আঁকা ছবিটায়,
আমার তুমি, তার তুমি
অগোছালো অক্ষরের সুপ্ত প্রতিভার
অনুরণন তুমি।।
---মীর মাসুদুল হক

No comments:
Post a Comment