আনিস আহমেদ এর দুটি কবিতা


১.
পাখি তো কবুল বলেই খালাশ
খাঁচার পরিধি নিয়ে সে ভাবছে না
সে ভাবছে
ঐ গুটিকয় মটরদানা, বাটিতে সামান্য জল
নিয়ে তার আনন্দকুমার বড় হয়ে উঠবে...

সে এতটাই নিরীহ উপায়ের মধ্যে
ধরে রাখতে চায়ছে নিজেকে
যেন এক্ষুনি সঞ্চয়িতার গান খুলে যাবে

আর পৃথিবীসমগ্র থেকে
পাখির খেয়াল মাড়িয়ে
                পড়ে যাবে শুকনো পাতার ইতিহাস....
যার কিছু নিচে
গাছের নিঃশ্বাস দিয়ে ডালে ডালে পাখি ছাপা হত

২.
মৃত লাশ ছেড়ে
কিছুতেই যেতে চায়ছে না তার চির-পার্টনার আত্মা...

সে ঘুরঘুর করে দেখতে চায়ছে
তার হাত নড়ছে কিনা
হার্টবিট এখনো সচল কিনা
যদি বেঁফাস মুহুর্তে চোখের পলক খুলে যায়...

বেঁচে থাকাকে সে এতটাই অপরাস্ত ভেবেছিল
নিজের মৃত্যুকে একটা গুজব হিসাবেই দেখতে চায়ছে সে

যেন ঠিক পরেরদিনের চিরুনিতে
আবার একটা চুলের খোঁজ
যেন ক্যালেন্ডারে আবার একটা গোল নীল দাগ...



1 comment:

  1. ভালোলাগাটুকু জানিয়ে তৃপ্ত লাগছে।

    ReplyDelete